অতিরিক্ত ঋণের ভারে ভেঙে গেছে ১০ ব্যাংকের শৃঙ্খলা


অর্থনীতির ৩০ দিন সংবাদ :
কনভেনশনাল এবং ইসলামিক শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করে অতিরিক্ত ঋণ দিয়েছে। এর ফলে অনেক ব্যাংকের ঋণ শৃঙ্খলা ভেঙে গেছে। গ্রাহকের জন্য বাড়তি ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
এই ব্যাংকগুলো অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) বা ঋণ-আমানত অনুপাত সীমার বেশি ঋণ দিয়েছে। ফলে ব্যাংক খাতে সাম্প্রতিক সময়ে বেনামি ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে। অচিরেই এই খাতটির ঝুঁকিতে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত প্রচলিত ধারার পদ্মা ব্যাংকের এডিআর ৮৮ দশমিক ৫৩ শতাংশ, ঢাকা ব্যাংকের ৮৭ দশমিক ৫১ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ৮৮ দশমিক ৯৯ শতাংশ। আরও তিন ব্যাংকের এডিআর যথাক্রমে ৯২ দশমিক ৪৫ শতাংশ, ৯২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং ৮৭ দশমিক ৩২ শতাংশ হয়েছে।
এদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সীমার বাইরে বিনিয়োগের তালিকায় থাকা এক্সিম ব্যাংকের এডিআর ৯৭ দশমিক ৩৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং পূবালী ব্যাংকের ইসলামিক উইন্ডোর এডিআর ৯২ দশমিক ৬৭ শতাংশ। এর বাইরে একটি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের এডিআর ৯৭ দশমিক ৪৯ শতাংশ হয়েছে।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘আমানতের বিপরীতে সীমার বাইরে ঋণ দিলে ঋণ শৃঙ্খলা বিঘ্নিত হয়। তাছাড়া ব্যাংকগুলোর ঋণ আদায়ও এখন খুব একটা সন্তোষজনক নয়। এরকম অবস্থায় অতিরিক্ত ঋণ দিয়ে যদি খেলাপি ঋণ আরও বেড়ে যায় তাহলে ব্যাংকের পাশাপাশি আমানতকারীদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ দরকার।’
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসারে প্রচলিত ধারার ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৭ টাকা এবং ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক ৯২ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারে। কিন্তু অনেক ব্যাংক এই সীমা অতিক্রম করে ঋণ দিয়েছে। আর এভাবে ঋণ দেওয়ার ফলে আমানতকারীরাই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ব্যাংক খাতের সাথে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিতে পারবে এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তবে ব্যাংকগুলোর এ অনুপাত বিভিন্ন সময় ওঠানামা করে। কারণ কোনো ব্যাংকের যদি বড় একটি আমানত আসে তাহলে তাদের ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। একইভাবে হঠাৎ করে কোনো গ্রাহক আমানত তুলে নিলে তখন ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়। তখন ব্যাংক তার এডিআর সীমার বাইরে চলে যায়।‘
তিনি আরও বলেন, ‘এছাড়া ঋণ আদায়ে বিশেষ ছাড় দিলেও এটা হতে পারে। বিষয়টি সাময়িক এবং আপেক্ষিক। তবে দীর্ঘদিন ধরে কোনো ব্যাংক এডিআর সীমার বাইরে থাকলে সে ব্যাংককে অবশ্যই চিঠি দিয়ে সতর্ক করা হবে। অস্বাভাবিক কিছু ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।’