আইসিএমএবি ও আইসিএবি কর্তৃক ‘টপ করপোরেট’ স্বীকৃতি পেল ম্যারিকো


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১৩ ডিসেম্বর, ২০২২ ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এমএনসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকায় অনুষ্ঠিত একটি জাকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়, যেখানে ১৭টি ক্যাটাগরিতে মোট ৬৫টি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-এর জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএবি)-এর পক্ষ থেকে ‘সার্টিফিকেট অব মেরিট’ ও জিতে নিয়েছে ম্যারিকো। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।
আইসিএবি ও আইসিএমএবি প্রতিষ্ঠান দুটি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় পর্যায়ের প্রধান অ্যাকাউন্ট্যান্ট সংস্থা। উভয় প্রতিষ্ঠান প্রতি বছর এরকম আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের উপর ভিত্তি করে সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক আর্থিক অবস্থার জন্য স্বীকৃতি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম অনুষ্ঠান দুটিতে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্মানজক অর্জন দুটি প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দীবাকর বলেন, “ম্যারিকোতে আমরা সবসময় আমাদের গ্রাহকদের হাতে যথাযথ ও সর্বোচ্চ মান নিশ্চিতপূর্বক সেরা পণ্যটি তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করে এসেছি। বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট অব মেরিট আমাদের পথচলায় এই অবিচল প্রচেষ্টারই প্রতিচ্ছবি। এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের এবং আমাদের এই প্রচেষ্ঠা আগামীতেও অব্যাহত থাকবে।”
ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে-
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে।
সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ, পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স এবং হাইজিন পণ্য মেডিকার সেফলাইফ ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম ও মধ্য প্রাচ্যের দেশসমূহে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।