“আমাদের সাংবাদিকদের পরিপক্বতা দরকার: পররাষ্ট্রমন্ত্রী”


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। তাদের পরিপক্বতা দরকার। আপনারা সেভাবে সজাগ হলে আমি খুশি হবো।
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
তিনি বলেন, ২৬ তারিখের প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি তা মিডিয়ার হেড লাইনের সাথে কোনো সম্পর্ক নেই। হেডে লাইনে বলেছে আমেরিকা যুদ্ধবাজ এসব কথা আমার মুখেও আসেনি। কিন্তু ১৭টি মিডিয়া এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস অ্যাম্বাসেডর্সের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ কে আব্দুল মোমেন বলেন, যে সব সাংবাদিক এটা করেছেন তাদের জন্য লজ্জার বিষয় এটা। আপনাদের জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মীরা এরকম বানোয়াট তথ্য প্রকাশ করেছেন। তারা হয়েতো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারণা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা প্রচারণার কারণে যেটি অসুবিধা হয়েছে- যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর অপচেষ্টা করা হয়েছে।
এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস অ্যাম্বাসেডর্সের প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।