
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ ক্লাব আয়োজন করতে যাচ্ছে পরিবেশবান্ধব ব্যবসা মডেল উদ্ভাবনমূলক প্রতিযোগিতা ‘বিজনোভেশন ২০১৯”। ২৭ মার্চ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিন ধাপের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব ব্যবসায় মডেল বা গ্রিন ইনোভশান’ ধারণাটি বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ী, ভোক্তা এবং নীতি নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি বিপ্লবী ধারণা। এর মূল উপজীব্য বিষয় হল এমন উদ্ভাবন যার ফলে পরিবেশের উপর অপেক্ষাকৃত কম ক্ষতিকর প্রভাব পড়ে এবং প্রকৃতিকে বাধাগ্রস্ত না করেই ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়।
প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আইডিয়াটি ডকুমেন্ট হিসেবে পিডিএফ আকারে জমা দিতে হবে, দ্বিতীয় ধাপে ধারণাটি দৃশ্যমান নমুনা মডেল আকারে উপস্থাপন করতে হবে এবং তৃতীয় ধাপে ভিজুয়্যাল এর মাধ্যমে বিচারকমণ্ডলীর সম্মুখে উপস্থাপন করতে হবে।
ভয়েস অফ বিজনেস (ভিওবি), বিজনেস ম্যাগাজিন প্রকাশনা ক্লাব, ব্যবসায় শিক্ষা অনুষদের প্রাচীনতম ক্লাবগুলির মধ্যে একটি হিসাবে একযুগ ধরে বিভিন্ন কর্মশালা, সেমিনারের আয়োজন করে আসছে। এবারে আয়োজনটি সম্পূর্ণ নতুন, উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী বলে দাবি আয়োজকদের।












