এসবিএসি ব্যাংকের করপোরেট শাখা উদ্বোধন

সেবা মিলবে রাত ৮টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএসসি টাওয়ারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যাংকের ৬৫তম শাখা হিসেবে এর যাত্রা হলো। করপোরেট শাখায় প্রতি কর্মদিবসে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুমতি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবীর, প্রাইম গ্রুপের চেয়ারম্যান এমএ আউয়াল ও এসবিএসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন করপোরেট শাখার ব্যবস্থাপক সৈয়দ মো. মহররম হোসেন। ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে শেয়ারহোল্ডার মিজানুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মো. মামুনুর রশিদ মোল্লাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে এসএম আমজাদ হোসেন বলেন, ‘পল্টন-মতিঝিল এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে আমাদের করপোরেট শাখায় প্রতি কর্মদিবসে রাত ৮টা পর্যন্ত লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ব্যাংকের সার্বিক কার্যক্রম হবে গ্রাহকবান্ধব।’ তিনি আরো জানান, বর্তমানে ব্যাংকিং খাত যেখানে খেলাপি ঋণে জর্জরিত, সেখানে এসবিএসি ব্যাংকের খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে।
মো. গোলাম ফারুক বলেন, শনিবার আমরা ব্যাংকের লোগো পরিবর্তন করেছি। নতুন লোগোর মূল বার্তা হচ্ছে ‘বন্ধন’। আমরা মনে করি, গ্রাহকদের সঙ্গে আমাদের বন্ধন স্থায়ী করা দরকার। শুধু লোগো পরিবর্তন নয়, আসল ব্যাংকিং সেবায় নতুনত্ব এনে আমাদেরকে গ্রাহকসেবার নতুন উচ্চতায় পৌঁছে যেতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের সব ধরনের বিধিবিধান পরিপালন করে এগিয়ে যেতে চাই।