খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষে শিক্ষাবৃত্তি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র বেসামরিক বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে আয়োজিত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ বৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও ব্র্যাক ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক চৌধুরি আখতার আসিফ। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার ভাই মাইলস্টোন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. আখতারুজ্জামানের হাতে বৃত্তির চেক তুলে দেন। এ সময় বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার আরো দুই সহোদর সুলতান মঈনউদ্দিন ভূঁইয়া ও হাসান মহিউদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র বেসামরিক বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে স্নাতক সম্মান, ১৯৭০ সালে এম.কম ও ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে আইবিএর শিক্ষার্থী ছিলেন। ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের সম্মুখযুদ্ধে প্রায় ৮০০ সহযোদ্ধার জীবন বাঁচিয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। —বিজ্ঞপ্তি