নিজস্ব প্রতিবেদক
নতুন আঙ্গিকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস (মোবাইল ব্যাংকিং) ‘টি-ক্যাশ’ চালু করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। টি-ক্যাশের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, নগদ টাকা উত্তোলন, জমা দেওয়া, অর্থ স্থানান্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ও অন্যান্য ফি জমা দেওয়া, সেনা, নৌ এবং বিমানবাহিনীতে নিয়োগসংক্রান্ত বিভিন্ন ফি দেওয়া যাবে। এ ছাড়া পাসপোর্ট ফি, জাতীয় পরিচয়পত্রের ফি, রেমিট্যান্স ও প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বিতরণ এবং অনলাইন শপিংয়ের মার্চেন্ট পেমেন্ট করা যাবে বলে জানা গেছে।
গত রবিবার রাতে রাজধানীর র্যাডিসন হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক মঈনউদ্দীনসহ ব্যাংক ও সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ‘১৯ বছর ধরে ট্রাস্ট ব্যাংক আস্থার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আট বছর আগে আমরাই প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিলাম। আজ তা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে।’
প্রসঙ্গত, ট্রাস্ট ব্যাংক ২০১০ সালের ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস ‘ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি-টিবিএমএম’ চালু করে। জনগণকে আরো বিস্তৃত সেবা দেওয়ার লক্ষ্যে টিবিএমএমকে টি-ক্যাশ নামে পুনরায় চালু করল ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘টি-ক্যাশ’ মোবাইল ব্যাংকিং দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে। এটি এত দিন শুধু ক্যাশ ইন এবং আউটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন নতুন করে সাধারণ মানুষের দৈনন্দিন কাজে লাগবে।
টি-ক্যাশের মাধ্যমে মোবাইল অপারেটরে এয়ারটাইম রিচার্জ, ইনস্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহসহ বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে।












