অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
করপোরেট গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল সাপ্লাই চেইন ফিন্যান্স ও ডিস্ট্রিবিউটর ফিন্যান্স সুবিধা চালু করেছে সিটি ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সেবাটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান শেখ মোহাম্মদ মারুফ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. আবদুল ওয়াদুদ, স্মল বিজনেস প্রধান কামরুল মেহেদী, সাপ্লাই চেইন ফিন্যান্স প্রধান আসলাম উদ্দিন ভূঁইয়া, এসিআই ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোমেনুল হক, ইওন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলাহসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউটর ফিন্যান্স সেবা খুবই জনপ্রিয়। বাংলাদেশে সিটি ব্যাংকের মাধ্যমে এ সুবিধা চালুর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নানাবিধ সুবিধা পাবে। এ প্রযুক্তিভিত্তিক সেবা ঋণদাতা, সরবরাহকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে একই প্লাটফর্মে যুক্ত করবে। এতে একদিকে সেবার খরচ কমবে, অন্যদিকে দক্ষতা বাড়বে। এ পদ্ধতির মাধ্যমে সরবরাহকারীরা খুব দ্রুত তাদের পাওনা টাকা পেয়ে যাবেন এবং ক্রেতারা সহজেই তারল্য ও মূলধন ব্যবস্থাপনা করতে পারবে। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও ইওন গ্রুপের মতো শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে এ অনলাইন সেবা ব্যবহার করছে। প্রাণ-আরএফএল গ্রুপ শিগগিরই এতে যুক্ত হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি











