পুনরায় ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফের গ্রেফতার হয়েছেন। রোববার (২ এপ্রিল) তার গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার  গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত গত ১০ বছরে ৮১৬ কোটি টাকা সরানোর অভিযোগে মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- সাবেক পরিচালক শাহরিয়ার খালেদ, তানভীরুল হক, নূর মোহাম্মদ ডিকন ও একরামুল আমিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন ও আলমগীর কবির, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুর রাজ্জাক, সাবেক সিনিয়র নির্বাহী কর্মকর্তা সহ-সভাপতি কামাল হোসেন হাওলাদার, যুগ্ম নির্বাহী সহ-সভাপতি ও প্রথম সহকারী সহ-সভাপতি মোহাম্মদ মকবুল এলাহী।
এদিকে, ২ হাজার ৮শ’ কোটি টাকার তহবিল আত্মসাৎ হয়েছে ফারইস্ট ইসলামী লাইফে। যার মধ্যে ২ হাজার ৩৬৭ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে জমি ক্রয় ও উন্নয়ন দেখিয়ে, এমটিডিআর বন্ধক রেখে পরিচালক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়া এবং ক্ষতিকর বিনিয়োগ করে। বাকি ৪৩২ কোটি ৩৬ লাখ টাকা তসরুফ করা হয়েছে পরিচালনাগত ত্রুটি ও অনিয়ম করে।
এ বিপুল পরিমাণ টাকা আত্মসাৎতের জন্য দায়ী করা হয়েছে বীমা কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সকল পরিচালক ও মুখ্য নির্বাহী হেমায়েত উল্লাহকে। তবে হেমায়েত উল্লাহ দুদকের মামলায় শাস্তির কারনে অত্মগোপনে আছে, কিন্তু সুনির্দিষ্টভাবে সে কত টাকা আত্মসাৎ করেছেন তা উল্লেখ পাওয়া যায়নি।