অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশের পোশাককর্মীদের ব্যাংকিং সেবার আওতায় আনতে তাদের কর্মক্ষেত্রেই ‘ডিজিটাল ব্যাংকিং বুথ’ শীর্ষক বিশেষায়িত ব্যাংকিং সেবা পয়েন্ট চালু করেছে ব্যাংক এশিয়া। এসব বুথ থেকে গার্মেন্টকর্মীরা কর্মক্ষেত্রেই তাদের প্রয়োজনীয় সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, পোশাককর্মীদের জন্য এ সেবা চালুর ফলে তাদের ব্যাংকিং সেবা পেতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে দূরের কোনো ব্যাংক শাখায় যেতে হবে না, যার সুবাদে তাদের সময় ও খরচ দুই-ই বাঁচবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক্স গার্মেন্টে ‘ইকোটেক্স আরএমজি ডিজিটাল ব্যাংকিং বুথ’ উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষায়িত ও পূর্ণাঙ্গ এ ব্যাংকিং সেবা কার্যক্রম যাত্রা করে।
ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন প্রধান অতিথি হিসেবে বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইকোটেক্স গার্মেন্টের পরিচালক মোহাম্মদ বিন কাশেম। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী, বিজিএমইএর পরিচালক মো. নাসির উদ্দিন এবং ব্যাংক এশিয়া ও ইকোটেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইকোটেক্সেই প্রথমে পোশাক শ্রমিকদের জন্য এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছিল ব্যাংক এশিয়া। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমতির ভিত্তিতে এটি রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবায়। এখান থেকে শ্রমিকরা বেতন উত্তোলনসহ পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পাবেন। ক্রমান্বয়ে দেশের অন্যান্য পোশাক কারখানায়ও এ সেবা কার্যক্রম চালু করা হবে। কারখানাটিতে কর্মরত প্রায় ১১ হাজার শ্রমিকের মধ্যে আট হাজার এরই মধ্যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট চালু করেছেন বলে জানিয়েছেন ইকোট্রেক্সের কর্মকর্তারা। ইকোটেক্স কারখানার শ্রমিক প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, অ্যাকাউন্টের মাধ্যমে বুথ থেকে বেতন পাওয়ায় তাদের কাজ সহজতর হয়েছে।
দেশের রফতানি আয়ে পোশাক শ্রমিকদের অবদান তুলে ধরে ব্যাংক এশিয়ার এমডি আরফান আলী বলেন, ৪০ লাখ পোশাককর্মীর জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা চালু করা হলেও প্রথমবারের মতো পরিপূর্ণ ব্যাংকিং সেবা চালু করে গার্মেন্ট সেক্টরে ইতিহাস হয়ে থাকবে ব্যাংক এশিয়া। এ সময় শ্রমিকদের দেয়া ঋণে সুদহার কমিয়ে দিতে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের অনুরোধ জানান বিজিএমইএর পরিচালক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইকোটেক্স গার্মেন্টের পরিচালক মোহাম্মাদ বিন কাশেম বলেন, কোনো ব্যাংক শ্রমিকদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে রাজি হচ্ছিল না। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বিষয়টি তুলে ধরে ব্যাংক এশিয়াকে এ ব্যাংকিং সেবা চালু করার জন্য অনুরোধ করা হয়। পোশাক শ্রমিকদের যেকোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।












