বিশ্ববাজারে চাঙ্গাভাব ২ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে চীনা পুঁজিবাজার

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত মঙ্গলবার বিশ্বের বৃহৎ পুঁজিবাজারগুলো বিগত ছয় মাসের মধ্যে সবচাইতে শক্তিশালী অবস্থানে ছিলো। চীনা পুঁজিবাজারের অতি সাম্প্রতিক চাঙ্গাভাবই যার মূল কারণ। বিশেষ করে, চীনা সরকারের গৃহীত অর্থনৈতিক প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে দেশটির পুঁজিবাজার পুনরায় ঘুরে দাঁড়াবে, এমন আশায় ভর করেই মঙ্গলবার চীনের প্রধানদুটি পুঁজিবাজারের সূচক উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পায়। এদিন চীনা পুঁজিবাজারের কার্যদিবসের শুরুতেই সকল কোম্পানির শেয়ারের মূল্য ২.৭ শতাংশ বৃদ্ধি পায়। যা বিগত ২ বছরের মধ্যে দেশটির পুঁজিবাজারের সর্বোচ্চ অবস্থান।
এদিকে চীনা পুঁজিবাজারের এমন উত্থানের প্রভাব পড়ে ইউরোপ এবং আমেরিকার পুঁজিবাজারেও। এদিন মার্কিন ওয়াল ষ্ট্রীট বাজারের সূচকও বিগত ২ বছরের মধ্যে সবচাইতে ভালো অবস্থানে চলে আসে। একই ধারাবাহিকতা অনুসরণ করে ইউরোপের বৃহৎ অর্থনীতিগুলোর পুঁজিবাজার।
এদিন লন্ডনের এফটিএসই, প্যারিসের এফসিআইচআই, ফ্রাঙ্কফুটের জিডিএএক্সআই সূচক শতকরা ০.৬ শতাংশ থেকে ০.৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। ইউরোপের উদ্যোক্তারা এদিন ইউরোপের বৃহত্তম ব্যাংক ইতালির ইউনি ক্রেডিটের সাম্প্রতিক ব্যবসায়িক মুনাফার তথ্য সহ, তেল ও খনিজ শিল্পখাতের কোম্পানিগুলোর সাম্প্রতিক ব্যবসায়িক সাফল্যে উজ্জীবিত হয়েছিলেন।
তবে পুঁজিবাজারের উত্থান তেমন প্রভাবিত করতে পারেনি ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দর। যদিও তুর্কি লিরা মার্কিন ডলারের বিপরীতে এদিন ১.৭ শতাংশ উন্নতি করেছে। এছাড়াও, ব্রেক্সিট ঘোষণার পর ১১ মাস ধরে মন্দায় থাকা ব্রিটিশ পাউন্ডের মূল্য এদিন কিছুটা বৃদ্ধি পায়। রয়টার্স