মর্যাদাপূর্ণ অবস্থান ড্যাফোডিল ইউনিভার্সিটি

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) ওয়েবসাইটে প্রকাশিত ২০১৯ সালের এশিয়ার ৫০০ সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং তালিকায় দেখা যায়, বাংলাদেশ থেকে মাত্র দুটি পাবলিক এবং চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ষষ্ঠ এবং এশিয়ার মধ্যে ৪৫৪ তম। ঢাকা বিশ্ববিদ্যালয় (১২৭) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (১৭৫) আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এর আগে রয়েছে। একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ এক অনন্য অর্জন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে থাকে। ১১টি মানদণ্ডের মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারীদের সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তার সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার ইত্যাদি। বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের বিশ্বস্বীকৃত তিনটি তালিকার অন্যতম হলো কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং।