মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ ঋণ প্রকল্প ‘উদয়ন’-এর সেবাগ্রহীতা নতুন উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও কাজী মসিহুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী এম আমিনুল ইসলাম বলেন, তরুণ মেধাবী উদ্যোক্তাদের সিড ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশে মার্কেন্টাইল ব্যাংক পথপ্রদর্শক। আগামীর নেতৃত্ব তৈরিতে এসব তরুণের উদ্ভাবনী দক্ষতার ওপর আস্থা রাখায় তিনি ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।
ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা বলেন, ব্যবসা করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির সামাজিক দায়বদ্ধতা আছে বলে আমরা বিশ্বাস করি। নতুন প্রকল্প নিয়ে ভবিষ্যতেও তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প বলার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।
উল্লেখ্য, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, উদ্যমী ও মেধাবী তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মার্কেন্টাইল ব্যাংক এক বছর আগে শুরু করেছিল ‘উদয়ন’ প্রকল্প।












