মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা মাল্টিপারপাস হল (নীচ তলা), ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-এ অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ২০% নগদ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক নাসির উদ্দিন আহমদ, সামসুদ্দিন আহমেদসহ পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন.সি. রুদ্র্র, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডি.এস. তাইফুল ইসলামসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে নানা প্রতিকূলতার মাঝেও ২০১৮ সালের জন্য ২০% ক্যাশ লভ্যাংশ ঘোষণা করায় বোর্ডকে ধন্যবাদ জানান। সভাপতির ভাষণে জনাব নিজাম উদ্দিন আহমদ জানান যে, মেঘনা লাইফ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত দাবী বাবদ ১,৯৬১ কোটি ৫৯ লক্ষ টাকা পরিশোধ করেছে এবং কোম্পানীর বর্তমান লাইফ ফান্ডের পরিমান ১,৬৮৬ কোটি টাকা ৭৩ লক্ষ টাকা। তিনি তার ভাষণে উল্লেখ করেন যে, জীবন বীমা সেক্টরে মেঘনা লাইফ আকর্ষণীয় বোনাস প্রদানকারী প্রতিষ্ঠান। মেঘনা লাইফ পলিসিহোল্ডারকে নিয়মমাফিক দ্রুততম সময়ের মধ্যে দাবী পরিশোধ করে থাকে। যদি কোন পলিসিহোল্ডার সময়মত তার দাবীকৃত পাওনা না পেয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। ধারাবাহিক সাফল্যের জন্য তিনি কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০১৯ সালে স্থিরিকৃত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।