৩০ দিন ডেস্ক :
জার্মানির শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক ২০১৭ সালের জন্য তাদের কর্মীদের বোনাস হিসেবে ২০০ কোটি ইউরো প্রদান করছে। লোকসানে পড়লেও প্রতিষ্ঠানটি তার কর্মীদের ধরে রাখতে চাচ্ছে। রোববার এক ঘোষণায় গেল বছরের বোনাসের কথা নিশ্চিত করে ডয়েচে ব্যাংক। খবর রয়টার্স।
ব্যাংকটির বোর্ড সদস্য কার্ল ভন রোর বার্তা সংস্থা ডয়েচে প্রেস-অ্যাজেন্টারকে (ডিপিএ) বলেন, ‘পুরো ব্যাংকের বিভিন্ন স্তরে যে বোনাস দেয়া হচ্ছে, তার পরিমাণ ২০০ কোটি ইউরোর বেশি।’ কেন এ বোনাস দেয়া হচ্ছে, সে বিষয়ে বলতে গিয়ে ডিপিএকে ভন রোর বলেন, ‘বোনাস-ভাতা দেয়া হচ্ছে এ কারণে নয় যে আমরা খারাপ কাজ করেছি। বরং দায়িত্ব নেয়ার বিষয়টিকে বোর্ড নিজেদের জন্য উত্তম মনে করছে।’
২০০ কোটি ইউরোর বেশি বোনাস দেয়ার ঘোষণা ২০১৬ সালের চেয়ে অনেক বেশি। ২০১৬ সালে ডয়েচে ব্যাংক বোনাস-ভাতা হিসেবে ৫৪ কোটি ৬০ লাখ ইউরো প্রদান করেছিল যা ২০১৫ সালে ছিল ২৪০ কোটি ইউরো।
মার্কিন কর সংস্কার আইনের প্রভাবে টানা তৃতীয় বছরেও লাভে ফিরতে পারেনি ব্যাংকটি। এ অবস্থায় গত জানুয়ারিতে বোনাস হিসেবে ১০০ কোটি ইউরোর বেশি প্রদানের ঘোষণায় তীব্র সমালোচনার মুখে পড়ে ডয়েচে ব্যাংক।
তবে ব্যাংকটির প্রধান নির্বাহী জন ক্রায়ানের দাবি, কর্মীদের ধরে রাখার জন্য এককালীন বিনিয়োগ হিসেবে এ বোনাস-ভাতা দেয়া হচ্ছে।












