ইইউর দেশগুলোতে একযোগে করোনার টিকা দেয়া শুরু
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
করোনাভাইরাস রোধে পুরো ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) গত ২৭-১২-২০২০ (রোববার) থেকে স্বাস্থ্য কর্মী, বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও রাজনীতিবিদদের মধ্যে টিকাদান শুরু হয়েছে। জোটের ২৭ দেশ সমন্বিত এবং ন্যায্যভাবে টিকাদানের এ কর্মসূচি নিয়েছে। টিকাদান শুরু উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি এই সময়টিকে গত ১০০ বছরের মধ্যে দেখা দেয়া সবচেয়ে গুরুতর জনস্বাস্থ্য সংক্রান্ত সঙ্কট থেকে ইইউর ৪৫ কোটি মানুষকে রক্ষার লড়াইয়ের ‘ঐক্যের মর্মস্পর্শী মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।
ইইউর ২৭ দেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০ লাখ ৩৬ হাজারের বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আসলে আরো অনেক বেশি। জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের যৌথভাবে তৈরি করা টিকার প্রথম চালান ইইউর বেশির ভাগ দেশ পেয়েছে মাত্র ১০ হাজার ডোজ করে। দেশগুলোতে গণহারে টিকাদান জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে টিকা কারা পাবে তা দেশগুলো নিজেরা ঠিক করে নিচ্ছে। স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ অন্যান্য দেশ প্রথমে প্রবীণ জনগোষ্ঠী ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের টিকা দেয়ার অঙ্গীকার করেছে।
বিশ্বজুড়েই ছড়িয়েছে নতুন ধরন :
ব্রিটেনে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের পরিবর্তিত রূপ (স্ট্রেইন) বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশের পাশাপাশি কানাডা ও জাপানে করোনাভাইরাসের বেশি সংক্রামক ধরনটিতে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। ব্রিটেনে প্রথম করোনাভাইরাসের এ নতুন ধরন শনাক্ত হয়েছিল। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে ব্রিটেন থেকে যাওয়া ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা কয়েকজনের দেহে ধরনটির উপস্থিতি মিলেছে। কানাডার অন্টারিওতে এক যুগলের দেহে ভাইরাসের নতুন ধরনটি পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তারা কোথাও ভ্রমণ করেননি এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ কারো সংস্পর্শেও আসেননি বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবেলায় জাপান আজ সোমবার থেকে এক মাসের জন্য অনাবাসী বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে।
শনাক্ত ৮ কোটি ৭ লাখ ছাড়িয়েছে :
বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। গতকাল রোববার আন্তর্জাতিক জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট কোটি সাত লাখ ১৫ হাজার ৮৭৯। এর মধ্যে ১৭ লাখ ৬৪ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৬৯ লাখ সাত হাজার ২০৬ জন।
করোনাই শেষ মহামারী নয় :
করোনাই বিশ্বের শেষ মহামারী নয়। পরবর্তী মহামারী থেকে বাঁচতে আমাদের করোনা থেকে শিক্ষা নিতে হবে। ২৭-১২-২০২০ (রোববার) বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। ভিডিও বার্তায় গেব্রেয়াসুস বলেন, ইতিহাস আমাদের বলে যে এটাই শেষ মহামারী নয়। মহামারী আমাদের জীবনের অংশ।
ভারতে আগে অক্সফোর্ডের টিকার অনুমোদন :
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সবার আগে অনুমোদন পেতে পারে ভারতে। দেশটির সরকারি সূত্র জানায়, ভারতে জানুয়ারি থেকে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু করার বিষয়ে প্রস্তুতি চলছে। টিকা শুরুর সম্ভাব্য এই সময় সামনে রেখে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ব্রিটেনের দিকে নজর রাখছে।
আজ অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের টিকা :
গত ২৮-১২-২০২০ (সোমবার) ব্রিটেনে অনুমোদন পেতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা করোনাভাইরাসের টিকা। এর এক সপ্তাহের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে দেয়া হতে পারে। এ খবরকে ব্রিটেনের জন্য একটি বড় ‘নতুন যুগের’ সূচনা বলে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। এর ফলে সমাজে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের টিকা দেয়ার ক্ষেত্রে পর্যাপ্ত টিকা শিগগিরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ব্রাজিলে লাগামছাড়া সংক্রমণ :
ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন লাগামছাড়া। গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশটিতে বিগত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ২৪৬ জন। একই সময়ে মারা গেছেন ৩০৭ জন।
চীনে নতুন শনাক্ত ২২ :
চীনে নতুন ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত অন্য ১০ জন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। গতকাল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে পাঁচজন বেইজিংয়ের নিকটবর্তী সুয়েনি জেলার।
জার্মানিতে টিকা নিলেন শতবর্ষী নারী :
জার্মানিতে প্রবীণনিবাসের ১০১ বছর বয়সী নারী এদিথ কোইজালা প্রথম করোনাভাইরাসের টিকা নিয়েছেন। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরুর আগেই স্থানীয় সময় গত শনিবার তাকে টিকা দেয়া হয়।
সুত্রঃ ওয়ার্ল্ডোমিটার, বিবিসি, রয়টার্স, এনডিটিভি, ডেইলি মেইল, সিএনএন ও এএফপির।












