অনুকূল পরিবেশ নিশ্চিত হলে মুসলিম লীগ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে

ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত

গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত অবাধ, নিরপেক্ষ ও গণ-স্বীকৃত নির্বাচন। জনগণের অংশগ্রহণ ব্যতীত কোন নির্বাচনই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র রক্ষার স্বার্থে একাদশ সংসদ নির্বাচনের পূর্বে ভোট দানের নিরাপদ পরিবেশ সরকার সৃষ্টি করলে বাংলাদেশ মুসলিম লীগ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ওয়ার্কিং কমিটির সভা সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য জেলা কমিটি গুলোকে দায়িত্ব দেয়া হয়। মুসলিম লীগ সহ প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচন কমিশন ও সরকারের নির্বাচনী পরিবেশ তৈরিমুখী কর্মকাণ্ডের প্রতি তীক্ষ্ণ নজর রাখছে।

দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এম.পি বদরুদ্দোজা আহমেদ সুজার সভাপতিত্বে আজ সকাল ১১.০০টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে আরও বক্তব্য রাখেন দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, মহাসচিব কাজী আবুল খায়ের, প্রেসিডিয়ামের জ্যৈষ্ঠ সদস্য আতিকুল ইসলাম, নাটোরের আব্দুর রশিদ খান চৌধুরী, খুলনার ওয়াজের আলী মোড়ল, এস.এম ইসলাম আলী ও এস.এম হায়দার আলী, বরিশালের মাওলানা কারামত ফরাজী, শরীয়তপুরের আনোয়ার হোসেন আবুড়ী, ময়মনসিংহের আকবর হোসেন পাঠান, কুমিল্লার খোন্দকার জিল্লুর রহমান, যশোরের শেখ আবদুল কাইয়ূম, বাগেরহাটের এস.এইচ খান আসাদ, ঢাকার ডাঃ হাজেরা বেগম, কাজী এ.এ কাফী,চট্টগ্রামের লিয়াকত আলী, চাঁদপুরের ফারুক আহমেদ,ফেনীর সাখাওয়াৎ হোসেন,এডভোকেট হাবিবুর রহমান,ইঞ্জিনিয়ার ওসমান গনী,সিলেটের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী,শহুদুল হক ভূঁইয়া প্রমুখ।

সভার শুরুতে, দলীয় কর্মকাণ্ডে ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকার কারণে ২০১৭ সালের ২০শে মে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভা জুবেদা কাদের চৌধুরীকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে দলের ষ্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান এডঃ বদরুদ্দোজা আহমেদ সুজাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত সহ ইতিপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রেসিডিয়াম কমিটির সভার সিদ্ধান্ত সমূহ ওয়ার্কিং কমিটির এই সভা অনুমোদন করে।

নেতৃবৃন্দ আরও বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,ব্যাংকিং খাতে অর্থের ব্যাপক লুটপাট, আর্থিক সংকটের কারণে দেশীয় পুঁজির পরিবর্তে ব্যাপক ভাবে প্রতিবেশী দেশের বিনিয়োগ,শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, দেশজুড়ে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনগণের দুর্গতি,বিশ্বের শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন ধ্বংসের অশুভ পরিকল্পনার ব্যাপারে ওয়ার্কিং কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে তা নিরসনে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয়।