ওয়ান ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান পুনর্র্নিবাচিত

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সাঈদ এইচ চৌধুরী ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন। ৩১ মে থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এদিকে অশোক দাশ গুপ্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও জহুর উল্লাহ্ নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন।
সাঈদ এইচ চৌধুরী স্বনামধন্য ও বহুমাত্রিক ব্লু-চিপ এইচআরসি শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। তিনি ব্রিটিশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একজন সদস্য। মিডিয়া নিউ এজ লিমিটেড ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান অনারারি অ্যাডভাইজর। এছাড়া তিনি দৈনিক যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক।
স্বনামধন্য ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা অশোক দাশ গুপ্ত ইমট্রেক্সের প্রধান নির্বাহী ও ইউনিরয়্যাল ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড ও অকুনোভা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান।
বিশিষ্ট ব্যবসায়ী জহুর উল্লাহ্ ওয়ান ব্যাংকের অন্যতম পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি তৈরি পোশাক ও সংশ্লিষ্ট পণ্য ক্রয়, প্রস্তুত ও রফতানির সঙ্গে সম্পৃক্ত। তিনি এলএল গ্রুপের চেয়ারম্যান, জিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলিডে পাবলিকেশন্স লিমিটেডের একজন পরিচালক। —বিজ্ঞপ্তি