আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন চেয়ারম্যান কাজী শরীফ কায়কোবাদ

গিয়াস উদ্দীন তালুকদার :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
কাজী শরীফ কায়কোবাদ ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মেজর জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের আগে তিনি মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে এসডিএস (সেনাবাহিনী) পদে দায়িত্বরত ছিলেন।
বর্ণিল কর্মজীবনে মেজর জেনারেল কায়কোবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নাইজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি লোকেটিং ব্যাটারি, একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, দুটি ইউএন মিশন (যার একটিতে অবজারভার হিসেবে), তিনটি বিজিবি ব্যাটালিয়ন ও দুটি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি সেনা সদরের এজি শাখায় ডিএএজি (কর্ড), এএজি ও পরিচালক হিসেবে এসএসএফে কর্মরত ছিলেন।
মেজর জেনারেল কায়কোবাদ ইথিওপিয়া ও ইরিত্রিয়াি জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। তিনি বিএমএতে প্রশিক্ষক (প্লাটুন কমান্ডার) এবং আর্টিলারি সেন্টার ও স্কুলে সিনিয়র ইনস্ট্রাক্টর (গানারি) ছিলেন। বৈদেশিক প্রশিক্ষণ, শিক্ষা সফরসহ বিভিন্ন উপলক্ষে তিনি বিশ্বের ২৯টি দেশ ভ্রমণ করেন।