বরিশালে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে ৪ দিন ব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্স’ শেষ করা ২০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল শহরের এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়। যৌথভাবে এ প্রশিক্ষন কোর্স আয়োজনে সহযোগিতা করে বিসিক বরিশাল ও হেলভেটাস সুইস ইন্টর কোঅপারেশন।
২০ জন শিক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্পর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হয়, যার মধ্যে ১৮ জনই নারী। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুসারে ‘স্টার্ট ইয়োর বিজনেস’ মেথডে উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং প্রসারে প্রশিক্ষন প্রদান করেন এসআইওয়াইবি ফাউন্ডেশনের প্রশিক্ষকরা। বিশ্বের প্রায় ১০০টি দেশে এই পদ্ধতিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। আইএলওর ব্যবসা শুরু এবং প্রসারের কারিকুলাম অনুসরণ করে নেটওয়ার্কিং, আইস ব্রেকিং, বিজনেস লার্নিং এন্ড গেমিং পদ্ধতিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। ব্যবসা শুরু করার জন্য কি করণীয়, বাজার সম্পর্কে ধারণা, পণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ কিংবা বাজার সম্প্রসারণ, রপ্তানী বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলা এবং উদ্যোক্তা কিভাবে সফল হবেন এগুলো হাতে কলমে শেখানো হয়। এছাড়া এসএমই ঋণ প্রাপ্তিতে প্রশিক্ষণার্থীদের কারিগরী সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত, প্রিজম প্রকল্পের টিএ কম্পোনেন্টের প্রধান প্রশিক্ষক ফেরদৌস আহম্মেদ ও হেলভেটাস সুইস ইন্টর কোঅপারেশনের কর্মকর্তারা।











