অ্যাম্বি ফার্মার ৩০% নগদ লভ্যাংশ সুপারিশ

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ওষুধ খাতের প্রতিষ্ঠান অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৭ ডিসেম্বর সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার ১৮৪/১ নম্বর প্লটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৩০ জুন পর্যন্ত এক বছরে কোম্পানিটি ৩ টাকা ৪৪ পয়সা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২৫ টাকা ৬৮ পয়সায়। সর্বশেষ রেটিং অনুযায়ী অ্যাম্বি ফার্মার ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। ডিএসইতে গতকাল অ্যাম্বি ফার্মা শেয়ারের সর্বশেষ দর ৪ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬১০ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৩৬০ টাকা ও সর্বোচ্চ ৮৭৫ টাকা।
১৯৮৬ সালে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির অনুমোদিত মূলধন মাত্র আড়াই কোটি ও পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভ ৩ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৪ লাখ শেয়ারের মধ্যে ৭৫ দশমিক ২৬ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৩ দশমিক শূন্য ৭ ও বাকি ২১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ এজিএমে অনুমোদিত নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত ১৯৭ দশমিক ৮১।