
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খানকে সম্প্রতি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী নির্দেশ (নং-এইচআরডি-১ঃ২৩/২০১৯) অনুযায়ী তাকে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।
মোশাররফ হোসেন খান বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ ও পরিদর্শন বিভাগ, ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
যুগ্ম পরিচালক হিসেবে মোশাররফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আর্মেনিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন। —বিজ্ঞপ্তি












