
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সরকারের অতিরিক্ত সচিব প্রণয় কান্তি বিশ্বাস সম্প্রতি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেছেন। বিআইডব্লিউটিসির সভাকক্ষে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রণয় কান্তি বিশ্বাস ১৯৮৫ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৮ সালে ১৫ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসে যোগদানের পর কুড়িগ্রাম ডিসি অফিস হতে প্রথমে মাঠ প্রশাসনে চাকরি শুরু করেন। পরবর্তীতে নীলফামারীর ডিমলা উপজেলা, পাবনা জেলার বেড়া উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পিরোজপুর জেলার কাউখালি উপজেলা ম্যাজিট্রেট এবং পিরোজপুরে এনডিসির দায়িত্ব পালন করেন। ঝিনাইদহ ডিসি অফিসে ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট, মেহেরপুর ডিসি অফিসে এনডিসি ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট, যশোরের চৌগাছার ইউএনও, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইউএনও, বিপিএটিসির উপপরিচালক, খুলনা জেলাপরিষদ সচিব, বরিশালের অতিরিক্ত জেলাপ্রশাসক, বরিশাল জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার, বরিশাল বিভাগের পরিচালক (স্থানীয় সরকার), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য বিআইডব্লিউটিসিকে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।











