নন-লাইফ বীমা কোম্পানীসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে ১৫% এজেন্ট কমিশন বিষয়ক সভা অনুষ্ঠিত

সম্প্রতি ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসাসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সকল চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ননলাইফ বীমা কোম্পানী সমুহের উন্নয়নের বিভিন্ন দিকসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ২/৭/২০১৯ তারিখে জারিকৃত সার্কুলার নং নন-লাইফ/৬৪/২০১৯ এর বিষয়বস্তু এবং ১৫% (AIT বাদে ১৪.২৫%) কমিশন প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে গত জুলাই, ২০১৯ থেকে ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নন-লাইফ বীমা কোম্পানীসমূহের জন্য ২/৭/২০১৯ তারিখে জারিকৃত সার্কুলার নং নন লাইফ/৬৪/২০১৯ সার্কুলারের প্রতিটি বিষয় আবশ্যিকভাবে পরিপালনের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়,
গত ১লা আগষ্ট, ২০১৯ তারিখ থেকে এজেন্সী কমিশন হিসেবে ১৫ (AIT বাদে ১৪.২৫%) শতাংশের বেশী কাউকে প্রদান করা যাবে না; কেউ করলে তা আইনের ব্যতয় বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট কোম্পানীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধুমাত্র আইডিআরএ থেকে লাইসেন্স প্রাপ্ত এজেন্টকে ১৫% (অওঞ বাদে ১৪.২৫%) কমিশন প্রদান করা যাবে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সকল নন-লাইফ কোম্পানী ১৫% (AIT বাদে ১৪.২৫%)এর অতিরিক্ত কমিশন প্রদান থেকে বিরত থাকার বিষয়ে সবাই একমত ঘোষনা করেন। এ ছাড়া কোন নন-লাইফ কোম্পানীতে কমিশন ভিত্তিতে কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানে বিরত থাকার বিষয়ে আলোচনা হয়।
কোন নন-লাইফ কোম্পানী কোন প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করে অন্য বীমা কোম্পানীর গ্রাহকের সাথে ব্যবসায় সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
এবং বীমা শিল্পে উন্নয়নের স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এজেন্ট নিয়োগ করা জরুরী হয়ে পরেছে মর্মে সবাই সহমত পোষন করেন।