প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫% স্টক লভ্যাংশ সুপারিশ

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে। সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৬৯ পয়সা। ১৫ এপ্রিল গুলশান ১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ২৮ পয়সায়। এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। সে হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ১ টাকা ৬ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠানটি।