৩০ দিন প্রতিবেদক :
প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৫৯ পয়সা।
আগামী ৬ ডিসেম্বর বেলা ১১টায় ইমানুলস ব্যাঙ্কট হল, গুলশান, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।
২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৭ পয়সা। এর মধ্যে ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইপিএস হয় ২ টাকা ৮৭ পয়সা এবং ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত ইপিএস হয় ৪ টাকা ২০ পয়সা। ৩০ জুন ২০১৭ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯৩ টাকা ৭১ পয়সায়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিডি ল্যাম্পস। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সে সময় প্রতিষ্ঠানটির ইপিএস হয় ৩ টাকা ২৯ পয়সা।
ডিএসইতে গতকাল বিডি ল্যাম্পস শেয়ারের সর্বশেষ দর ৩ দশমিক ৭৯ শতাংশ বা ৮ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়ায় ২২৪ টাকা ৮০ পয়সায়। সমাপনী দর ছিল ২১৬ টাকা ৩০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২১৬ টাকা ৬০ পয়সা। এদিন ৫৪৩ বারে এ কোম্পানির মোট ৬৪ হাজার ৯১৬টি শেয়ারের লেনদেন হয়।
এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৬৫ টাকা ও সর্বোচ্চ দর ২৯৮ টাকা।
১৯৮১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বিডি ল্যাম্পস। কোম্পানির পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার ও অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। রিজার্ভ ৬১ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ারের ৬১ দশমিক ৯৬ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৩৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ২৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার।












