মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পথে আফ্রিকান ইউনিয়ন

৩০ দিন ডেস্ক :
আফ্রিকার দেশগুলোর সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ) মহাদেশটিতে মুক্ত বাণিজ্য অঞ্চল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এইউ কমিশনের প্রধান মুসা ফাকি মাহামত এ ঘোষণা দেন। খবর সিনহুয়া।
আলজিয়ার্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পর উপস্থিত সাংবাদিকদের সামনে ফাকি মাহামত বলেন, ‘গেল জানুয়ারিতে আদ্দিস আবাবায় অনুষ্ঠিত ৩১তম সম্মেলনে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যার মধ্যে আছে আফ্রিকান মুক্ত বাণিজ্য অঞ্চল (এএফটিজেড) চালুর বিষয়টি। ২১ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠেয় পরবর্তী সম্মেলনে আফ্রিকান পাসপোর্ট ও বিমান চলাচলসহ মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর বিষয়টিও আলোচ্যসূচিতে থাকবে।’
এইউ প্রধান আরো জানান, আসন্ন কিগালি সম্মেলনে এএফটিজেড চুক্তি স্বাক্ষরের জন্য সব আফ্রিকান সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এইউ কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সফরে আলজেরিয়া এসেছেন ফাকি মাহামত। তিনি আলজেরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং চলমান বিভিন্ন আফ্রিকান ইস্যু ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন। এইউ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায়, সে বিষয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।