বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আহমেদ জামাল

বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আহমেদ জামাল ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে গত সপ্তাহেই তার নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত মাসের শেষ দিন ডেপুটি গভর্নর হিসেবে মেয়াদ পূর্ণ করেন এস কে সুর চৌধুরী। আরেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ সেপ্টেম্বর। এ অবস্থায় নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়ার জন্য সার্চ কমিটি গঠন করে সরকার। পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও বিআইডিএস মহাপরিচালক কে এ এস মুরশিদ। কমিটির সদস্য সচিব অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুল হক। ছয়জনের সাক্ষাত্কার গ্রহণ শেষে সার্চ কমিটি দুজনের নাম চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। সে তালিকা থেকেই নতুন ডেপুটি গভর্নর হিসেবে আহমেদ জামালকে নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দাঁড়াল তিনজন।

আহমেদ জামাল গতকাল  বলেন, আমাকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো চিঠি পাইনি। নিয়োগপত্র হাতে পেলে যোগদান করব।