অতিরিক্ত ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে আলিবাবা

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ
৩০ দিন ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান লাজাদা গ্রুপে আরও ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনভিত্তিক আলিবাবা গ্রুপ হোল্ডিংস। এ অঞ্চলে ই-কমার্স ব্যবসার বাজার বাড়ছে। তবে প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন এ বাজার দখলে সম্প্রতি বড় বিনিয়োগ করছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে আলিবাবাও ব্যবসা বড় করতে মনোযোগী হচ্ছে। শুধু বিনিয়োগই নয়, এ অঞ্চলের প্রধান নির্বাহীও পরিবর্তন করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
বৈশ্বিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে সরাসরি বিক্রয় চ্যানেল চালু করে আলিবাবা। এজন্য জার্মানিভিত্তিক অনলাইন খুচরা পণ্য বিক্রেতা লাজাদা গ্রুপে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এ বিনিয়োগের কারণে লাজাদা গ্রুপ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিনটিতে আলিবাবার ই-কমার্স সাইট তাওবাওয়ের পণ্য বিক্রি করে। এবার এ ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে অতিরিক্ত ২০০ কোটি বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে লাজাদায় চীনের এ প্রতিষ্ঠানটির বিনিয়োগ দাঁড়াচ্ছে ৪০০ কোটি ডলার।
বিনিয়োগ ছাড়াও দীর্ঘ সময় ধরে দক্ষতার সঙ্গে আলিবার নিবার্হী লুসি পেংকে এ অঞ্চলের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার প্রধান নির্বাহী হিসেবে এতদিন দায়িত্ব পালন করা ম্যাক্স বিটনারকে আলিবাবার উপদেষ্টা পদে পদায়ন করা হবে।
নতুন এ বিনিয়োগের ফলে লাজাদার দক্ষিণ-পূর্ব এশিয়ায় আলিবাবার শেয়ার আরও বাড়বে। তবে অংশিদ্বারিত্বের সঠিক অঙ্কটা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এর আগের বিনিয়োগে জার্মানির প্রতিষ্ঠানটির ৮৩ শতাংশ শেয়ার কিনে নেয় আলিবাবা।