আইডিআরএ’র ৫৪ দফা সংস্কার প্রস্তাব বীমাখাতের উন্নয়নে

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশের বীমাখাতের উন্নয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ৫৪ দফা সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে । যার মধ্যে রয়েছে—বীমা আইন ও বিধিমালা সংশোধন, ব্যবস্থাপনা ব্যয়ের সীমা পুনর্নির্ধারণ, ইআরপি সিস্টেম চালু, বাস্তবভিত্তিক বীমা পরিকল্প প্রণয়ন এবং একচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা।
আইডিআরএ সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রশাসন অনুবিভাগের অধীনে ১৯টি, আইন অনুবিভাগে ১৬টি, লাইফ অনুবিভাগে ৯টি ও নন-লাইফ অনুবিভাগে ১০টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কিছু প্রস্তাব ইতিমধ্যে চ’ড়ান্ত হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে।
প্রশাসন অনুবিভাগের নেয়া প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে—‘জাতীয় বীমা নীতি ২০২৫ু৩০’ প্রণয়ন, আইডিআরএ’র অর্গানোগ্রাম সংস্কার, ইআরপি ও রেগুলেটরি টেকনোলজি সলিউশন বাস্তবায়ন, এনসিআইএস সিস্টেম ও ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) চালু, এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল এন্ট্রি সিস্টেম কার্যকর করা।
আইন অনুবিভাগের নেয়া প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে—বীমা আইন ২০১০, আইডিআরএ আইন ২০১০ ও বীমা করপোরেশন আইন ২০১৯ সংশোধন; নতুন প্রবিধানমালা প্রণয়ন; ব্যবস্থাপনা ব্যয়, সলভেন্সি মার্জিন ও এজেন্ট নিবন্ধনসংক্রান্ত বিধিমালা হালনাগাদ।
লাইফ অনুবিভাগের নেয়া প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে বীমা কোম্পানিগুলোর গ্রেডিং, সিইও নিয়োগে দক্ষতা যাচাই, বিশেষ নিরীক্ষা, বীমা পরিকল্প হালনাগাদ ও একচ্যুয়ারিদের তালিকাভুক্তি কার্যক্রম পরিচালনা করা।
অন্যদিকে নন-লাইফ অনুবিভাপগের নেয়া প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে বীমাকারীদের নিরীক্ষা, প্রোফাইল হালনাগাদ, চেকলিস্ট সংশোধন, অফসাইট সুপারভিশন জোরদার এবং কর্পোরেট এজেন্ট সার্টিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা।
আইডিআরএ মতের, এসব সংস্কার বাস্তবায়ন করার মাধ্যমে বীমা খাতে স্বচ্ছতা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।