নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস চলতি বছরের ‘ইউরোমানি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে।
মুনাফার অনুপাত, প্রতিযোগীদের মধ্যে তুলনামূলক অবস্থান, বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এই সাফল্য অর্জন করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৮ জুলাই হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনিরুজ্জামান আইডিএলসির পক্ষ থেকে এই পুরস্কার নেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ইউরোমানি পুরস্কার প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে। এবছর প্রায় একহাজার ৫০০ আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ২০টি আন্তর্জাতিক পুরস্কার, ৫০ এর অধিক আঞ্চলিক পুরষ্কার এবং প্রায় ১০০টির কাছাকাছি দেশে সেরা ব্যাংক এবং সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার পেয়েছে।












