চুয়েটে জমজমাট আয়োজনে পিএমই কার্নিভাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘পিএমই কার্নিভাল-২০১৮’। দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বদ্যালয়ের পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ।
শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত শোভাযাত্রাটি কেন্দ্রীয় মিলনায়তন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল, সোসাইটি অব পেট্রলিয়াম ইঞ্জিনিয়ার্স এর বাংলাদেশ সেকশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রমুখ। পিএমই বিভাগের প্রভাষক নাদিয়া মেহজাবিন অনুষ্ঠান উপস্থাপনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশে মজুদ থাকা বিপুল পরিমাণ খনিজ সম্পদ যথাযথভাবে উত্তোলনের জন্য প্রয়োজন দক্ষ পেট্রলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ার। আর সেই উদ্দেশ্যে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ার প্রয়াস নিয়েই চুয়েটে পিএমই বিভাগের যাত্রা।
পেট্রলিয়াম ও মাইনিং প্রকৌশলীদের চাকরি স্বল্পতা ও সার্কুলারে পিএমই উল্লেখ্য না থাকার বিষয়ে উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে পেট্রলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে এবং ইস্টার্ন রিফাইনারি, যমুনা ও পদ্মা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি যাতে তারা নিয়োগের মধ্যে পেট্রলিয়াম ও মাইনিং প্রকৌশলীদের কথা উল্লেখ করেন।