‘দুষ্টু’ ব্যাংক সুষ্ঠু করবেন মুহিত

৩০ দিন ডেস্ক রিপোর্ট :
ব্যাংক খাত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে তোলার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, “আর একটা ব্যাংকের পতন আমাদের টার্মে হবে না, হতে দেব না। যত দুষ্টুই হোক ব্যাংক, সেটাকে আমরা ঠিক করতে চাই।”
মঙ্গলবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সরকারের প্রাপ্য নগদ লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন মুহিত।
গত কয়েক বছর ধরে ব্যাংক খাতে অস্থিরতা সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতি হলেও ব্যাংক খাত নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও মন্তব্য করেন।
ব্যাংক খাতের বিশৃঙ্খল অবস্থা সরকারের অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে সম্প্রতি মন্তব্য আসে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছ থেকেও।
ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন দুর্নীতি ঠেকাতে তদারকি বাড়ানোর সুপারিশ করেন।
ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মে নিয়ে গত কয়েক বছর ধরে ধুঁকছে সরকারি, বেসরকারি কয়েকটি ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক ও বেসরকারি ফারমার্স ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থায় যায়।
আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর মালিকানাধীন ফারমার্স ব্যাংক দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকির সৃষ্টি করছে বলে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রতিবেদনে বলা হয়।
তার সঙ্গে সহমত জানিয়ে মুহিত বলেন, “আমাদের একটি ব্যাংক ফারর্মাস ব্যাংক সিভিয়ার প্রব্লেম ফর আস। ফারমার্স ব্যাংকে ওনারা (আইসিবি) রক্ষা করছেন।”