ফৌজিয়া কামরুন তানিয়া পেলেন ‘সাহসিকা ৪.০’ নারী উদ্যোক্তা সম্মাননা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া ‘সাহসিকা ৪.০’ নারী উদ্যোক্তা সম্মাননা অর্জন করেছেন। উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং ইতিবাচক প্রভাব রাখা নারী উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।
ফৌজিয়া কামরুন তানিয়াকে উদ্যোক্তা কার্যক্রমকে শক্তিশালী করা এবং পেশাগত ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য এই স্বীকৃতি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং সাহসিকা উদ্যোগের উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান।অনুষ্ঠানে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেন।
আয়োজকদের মতে, ‘সাহসিকা’ উদ্যোগের লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। এর মাধ্যমে তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করা।