
খোন্দকার জিল্লুর রহমান :
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি শেখ কবির হোসেন মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। একাধিক বীমা ব্যক্তিত্ব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ কবির হোসেন ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ছিলেন।
সরকারি চাকরি থেকে ১৯৭৫ সালে পদত্যাগের পর তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন।
শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর আরোপ নিয়ে সরকারের কাছে হস্তক্ষেপও চেয়েছিলেন।











