সাফল্যের অগ্রগতিতে গার্ডিয়ান লাইফ, ২০২৬ সালের প্রথমার্ধে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীমা দাবি পরিশোধে ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখে ২০২৬ এর প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে। একই সময়ের আগের বছরের তুলনায় এ অঙ্ক ৩৪ দশমিক ৩ শতাংশ বেশি। যা গত কয়েক বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতার ক্রমবৃদ্ধি এবং সাফল্য।
এ বছরের প্রথম ছয় মাসে জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৪০ কোটি ২১ লাখ টাকা। এর পাশাপাশি পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকা।
গার্ডিয়ানের ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি এবং বিভিন্ন ধরনের বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক বিনিয়োগ পুরো দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে কার্যকর ও সময়োপযোগী করেছে।পাশাপাশি দাবি-সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ করা এবং গ্রাহকসেবা জোরদারে কাজ করছে গার্ডিয়ান, যাতে পলিসিধারীরা একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা পান।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ, মতে, ‘দ্রুত দাবি পরিশোধ করা আমাদের কাছে শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়। বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে ইন্স্যুরেন্সের প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি পরিশোধে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তবে তার চেয়েও বড় বিষয় হলো, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহকবান্ধব দৃষ্টিভঙ্গি সামনে রেখেই প্রতিটি সেবাকে আরও সহজ এবং দ্রুত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্যাংকাস্যুরেন্স ও মাইক্রোইন্স্যুরেন্সের মতো ইন্স্যুরেন্স পণ্য এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে ইন্স্যুরেন্স সেবার পরিধি বাড়িয়ে চলেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশের ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।