৭ লাইফ বীমা কোম্পানির কাছে গ্রাহকের ৩,৫৭৫ কোটি টাকা পাওনা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট ৫,৯৮৬ কোটি ৪৮ লাখ টাকার বীমা দাবি উত্থাপিত হয়েছে। এর মধ্যে লাইফ বীমা কোম্পানিগুলো মাত্র ২,১০৫ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করেছে, বাকি ৩,৮৮০ কোটি ৫৮ লাখ টাকা বকেয়া আছে। এর মধ্যে ৭ লাইফ বীমা কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৩,৫৭৫ কোটি টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ৭টি লাইফ বীমা কোম্পানি হল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ, সানফ্লাওয়ার লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ ও বায়রা লাইফ। এই সাত কোম্পানির কাছে মোট বকেয়া দাবির পরিমাণ ৩,৫৭৫ কোটি ৩৩ লাখ টাকা, যা পুরো খাতের বকেয়া দাবির প্রায় ৯০ শতাংশ।
সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই বীমা কোম্পানিটি বকেয়া দাবী ২,৮১৫ কোটি টাকা। উল্লেখিত সময়ে এই দাবির মধ্যে মাত্র ৩৪ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ হয়েছে। অর্থাৎ ২,৭৮০ কোটি ৫ লাখ টাকার মতো দাবি এখনো বকেয়া রয়েছে। অন্য কোম্পানিগুলোর বকেয়া অবস্থাও অনেকটা অনুরূপ, যেমন পদ্মা ইসলামী লাইফ ২৫৫ কোটি ২৯ লাখ, সানফ্লাওয়ার লাইফ ১৯০ কোটি ৫৮ লাখ টাকা এবং প্রোগ্রেসিভ লাইফের ১৫৩ কোটি ৩৮ লাখ টাকার দাবির পরিশোধ করেনি।