রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং ডেট (এফসিডি) কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে তিনি পাবনা পৌঁছান।
৩১টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১৮টির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শনিবার প্রধানমন্ত্রী পাবনায় গেছেন। পাবনার ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই’ এবং পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘ঈশ্বরদী-পাবনা-ঢালারচর’ রেলপথ উদ্বোধন ছাড়াও পুলিশ লাইন্স মাঠে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে আগামী জাতীয় নির্বাচনকে সামনে নৌকায় ভোট চাইবেন তিনি।
আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পাবনার মানুষের সারাজীবনের স্বপ্নপূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেললাইন সব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাবনায় দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক ক্লাবের সদস্য পাবনার গল্প সবাই সারাজীবন করবে।’