প্রতিনিধি
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেছেন, এখন থেকে ব্যবসায়ীদের হয়রানিমূলক কোনো কাজ এনবিআর করবে না। বন্ডের সুযোগ অপব্যবহার করে যারা প্রয়োজনের অতিরিক্ত মালপত্র আমদানি করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করেন, তাদের ওপর নজরদারি বাড়ানো হবে এবং কঠোর হস্তে এসব অপরাধ দমন করা হবে। নরসিংদী জেলার মাধবদীর এসপি ইনস্টিটিউট মাঠে নরসিংদী কর অঞ্চল-১০-এর উদ্যোগে গতকাল দুপুরে আয়োজিত এক রাজস্ব সংলাপ চলাকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো অর্থ। বর্তমানে দেশের বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। দেশের বাজেটের আকার প্রতি বছর বাড়ছে। বাজেটের অর্থায়ন জোগান দিচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব সম্পদ। পর্যাপ্ত অর্থের জোগানের মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ হবে, এর ভিত শক্ত হবে। সেজন্য দেশের সব শ্রেণী-পেশার মানুষকে আগ্রহ ও আনন্দের সঙ্গে রাজস্ব দিতে হবে।
তিনি আরো বলেন, দেশের সব ক্ষেত্রে একটি রাজস্ব, ব্যবসা ও করদাতাবান্ধব সংস্কৃতি চালু করার প্রয়াস চালাচ্ছে এনবিআর। রাজস্ব আহরণের পাশাপাশি এ নিয়ে সচেতনতামূলক কাজ করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ-আলোচনা চালানো হচ্ছে। রাজস্ব আহরণের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা দেশে ব্যবসায়ী নেতাসহ সব পর্যায়ের করদাতাদের পরামর্শ ও সহায়তা নেয়া হচ্ছে। রাজস্ব আহরণের পাশাপাশি নতুন করদাতা চিহ্নিতকরণ, করের নতুন নতুন ক্ষেত্র তৈরিসহ করদাতা ও জনগণের কাছে কাঙ্ক্ষিত করসেবা এবং নিয়মিত রাজস্ব বার্তা পৌঁছে দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে রাজস্ব সংলাপ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে। কর প্রদানের ক্ষেত্রে জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তৈরি হচ্ছে ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি।
ঢাকা কর অঞ্চল-১০ কর কমিশনার মো. আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তৃতা করেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) হাবিবুর রহমান আখন্দ, সদস্য (কর আপিল ও অব্যাহত) রওশন আরা আক্তার, সদস্য (অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহান, ভ্যাট কমিশনারেট (ঢাকা পূর্ব) মো. জামাল হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে নতুন ২৫ জন করতাদার হাতে সনদপত্র তুলে দেন এনবিআর চেয়ারম্যান।












