
🖊 : রফিকুল্লাহ্ কালবী
বর্ণমালার শরীরটাতে যেই দিয়েছি হাত
বর্ণ বলে তোমার দিলাম রঙিন সুপ্রভাত,
একটুখানি শুঁকে দেখো আমার শরীরখানি
লেগে আছে রক্ত এবং হাজার চোখের পানি।
বরকতেরই রক্ত দেখি আজও আছে লেগে
রফিকের মা কাঁদছে বসে রাত্রি জেগে জেগে,
বর্ণমালার শরীর জুড়ে জব্বারেরই ছোঁয়া
সব মানুষের কান্না লয়ে বইছে করতোয়া।
বর্ণকে খুব আদর করে সালামেরই বোন
ওরাই ছিলো বর্ণমালার পরম আপনজন,
দুঃসাহসী অনেক আছে বাংলা বর্ণমালায়
ওদের ভয়ে শত্রুসেনা লেজ গুটিয়ে পালায়।









