অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা পরিচালিত শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল রাজধানীর দিলকুশায় রাজউক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও সাবেক সচিব একেএম শামসুদ্দীন এবং সাবেক অতিরিক্ত সচিব এএস মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক ড. এম কামাল উদ্দীন জসীম।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের ১০৯ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, এ ভূখণ্ডের মানুষের শিক্ষার উন্নয়নে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করেছেন। তিনি আজ আমাদের প্রেরণা। শেরেবাংলা ছিলেন আপামর মানুষের বন্ধু।
দীর্ঘ দুই দশক ধরে এ বৃত্তি প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এ বছর মোট ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে সম্মিলিত মেধায় বৃত্তি পেয়েছে ৩৪ জন, ট্যালেন্টপুলে ঢাকা ও বরিশাল বিভাগে মোট ৬৫ জন এবং সাধারণ মেধাবৃত্তি পেয়েছে ২০১ জন শিক্ষার্থী। —বিজ্ঞপ্তি