৩০ দিন ডেস্ক :
আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা সম্প্রতি এক ঘোষণায় খনিজ সম্পদে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার এক সরকারি কর্মকর্তা খবরটি নিশ্চিত করেন। খবর এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের এক উপদেষ্টা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সংসদে যেভাবে আইন পাস করা হয়, সেভাবেই আইনটি ঘোষণা করা হয়েছে।’
নতুন আইনটি কঙ্গোর ২০০২ সালের খনিজ আইনটির স্থলাভিষিক্ত হচ্ছে। পুরনো আইনে অর্থনীতির প্রয়োজনে বিদেশী বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিত সরকার। কিন্তু নতুন
আইনে কপার ও কোবাল্টের মতো প্রধান খনিজ সম্পদে ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
অপ্রত্যাশিত মুনাফার ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও বলা হয়। গৃহীত লক্ষ্যমাত্রা থেকে অন্তত ২৫ শতাংশ দাম বৃদ্ধি পেলে যে মুনাফা হয়, তাকে অপ্রত্যাশিত মুনাফা বলা হয়।
তবে কঙ্গো সরকারের শুল্ক বাড়ানোর এ সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বিদেশী কোম্পানিগুলো। স্মার্টফোনে ব্যবহূত হওয়া কোবাল্টের ওপর শুল্ক বাড়ায় তারা উদ্বিগ্ন।
মধ্য আফ্রিকার বৃহৎ এ দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোয় ভয়ানক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে।
বিরোধী দলের পদত্যাগের আহ্বান সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট কাবিলা নির্বাচন স্থগিত করেছেন।