পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে মীর আখতার হোসেন লিমিটেড

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :

পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে মীর আখতার হোসেন লিমিটেড
পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে মীর আখতার হোসেন লিমিটেড

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে মীর আখতার হোসেন লিমিটেড। উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় করবে কোম্পানিটি। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির আইপিও রোড শো অনুষ্ঠিত হয়। এতে ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে কোম্পানির আর্থিক ও ব্যবসায়িক বিভিন্ন দিক তুলে ধরেন কোম্পানিটির কর্মকর্তারা।
রোড শোতে মীর আখতার হোসেন লিমিটেডের চেয়ারম্যান সোহেলা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেনসহ কোম্পানির পরিচালকরা উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করে কোম্পানির পরিচালক (অপারেশন্স) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামা ই জাহির। তাছাড়া রোড শোতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমানসহ আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান ও ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
তাছাড়া ইআই হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, সম্প্রতি বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা রোড শোতে উপস্থিত ছিলেন।
আর্থিক ও ব্যবসায়িক প্রেজেন্টেশন উপস্থাপনকালে কোম্পানির পরিচালক (অপারেশন্স) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামা ই জাহির বলেন, দেশের সব ধরনের অবকাঠামো খাতে আমাদের কোম্পানি কাজ করছে। বিদেশী পার্টনারদের সঙ্গে যৌথভাবেও আমরা কাজ করে থাকি। বড় আকারের অবকাঠামো প্রকল্পে আমাদের সক্ষমতা ও অভিজ্ঞতার কারণে কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
রোড শোতে মীর আখতার হোসেনের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, আমাদের প্রতিষ্ঠান ৬০ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। গত ৬০ বছরে দেশের বড় বড় স্থাপনা নির্মাণে আমাদের কোম্পানি ভূমিকা রেখেছে। আমরা এখন পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্যই হবে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা। তাই আমরা আশা করি, আমাদের কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, ভালো ও মানসম্মত কোম্পানি পুঁজিবাজারে আনতে আমরা সবসময় চেষ্টা করে থাকি। মীর আখতার হোসেন লিমিটেড দেশের একটি স্বনামধন্য কোম্পানি। কোম্পানিটি গত পাঁচ বছরে ধারাবাহিক মুনাফা প্রবৃদ্ধি অর্জন করে আসছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগৃহীত ১২৫ কোটি টাকার মধ্যে ৪৯ কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি, ১২ কোটি টাকায় প্রধান কার্যালয়ের জন্য ভবন নির্মাণ, ১০ কোটি টাকায় দুটি প্লান্ট, সাড়ে ১০ কোটি টাকায় ওয়্যারহাউজ ও ওয়ার্কশপ, ৪০ কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে সাড়ে ৩ কোটি টাকা খরচ করা হবে।
৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে মীর আখতার হোসাইন লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।
প্রসঙ্গত, ১৯৬৮ সালে যাত্রা করা মীর আখতার হোসেন মূলত নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান। সড়ক, সেতু, ফ্লাইওভার, কারখানা, বাণিজ্যিক ভবন, পাঁচতারকা হোটেলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে সুপরিচিত তারা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যু সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। নিরীক্ষণের দায়িত্বে রয়েছে জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি।