
নিজস্ব প্রতিবেদক:
বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটতে যাচ্ছে। নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এর দূরদর্শী ভাবনা-চিন্তায় দ্বিবিধ দ্বন্দ্বের জটিলতায় বর্ধিত হারে ফি আদায়ের পরিবর্তে আবেদন দাখিলের সময় কার্যকর থাকার বিধান অনুযায়ী ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু করেছে বলে সূত্রের খবর।
সূত্রের খবরে জানা যায়, আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, বীমা ব্যবসায় লাইসেন্স নবায়ন ফি বিধিমালায় আরও একটি সংশোধনী এনে দ্রুত প্রজ্ঞাপন জারি করার সম্ভবনা রয়েছে। সংশোধনী কার্যকর হলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে পূর্ববর্তী বিধান অনুযায়ী গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা হারে নিবন্ধন নবায়ন ফি পরিশোধের সুযোগ দেওয়া হবে।
গত ২৫ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে আইডিআরএ উল্লেখ করে, ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য অধিকাংশ বীমা কোম্পানি ২০২৫ সালের ৩০ নভেম্বরের আগেই আবেদন জমা দিয়েছে। আবেদন দাখিলের সময় বীমা আইন, ২০১০-এর ধারা ১১(২) এবং তখন কার্যকর বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা অনুযায়ী নিবন্ধন নবায়ন ফি ছিল গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা। তাই আবেদন গ্রহণের সময় কার্যকর বিধান অনুযায়ীই নিবন্ধন নবায়ন করা আইনগত ও প্রশাসনিকভাবে যৌক্তিক বলে মতামত প্রকাশ করে আইডিআরএ।
আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যান, এবং বিআইএ’র প্রতিনিধিদের এক পর্যালোচনা সভায় বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আবেদন দাখিলের সময় বলবৎ থাকা বিধান অনুযায়ী নিবন্ধন সনদ নবায়ন করাই আইনসম্মত হবে।
এর আগে গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ (সর্বশেষ সংশোধিত ২০২৬)-এর বিধি ৩(২) অনুযায়ী সর্বশেষ সরকারি গেজেটে নির্ধারিত হার ও সময়সীমা অনুসারে নিবন্ধন ফি আদায়ের জন্য আইডিআরএকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। ওই নির্দেশনার পর বীমা কোম্পানিগুলোর কাছ থেকে বর্ধিত হারে নিবন্ধন ফি আদায়ের আশঙ্কা তৈরি হয় এবং পুরো বীমাখাতে বিসৃঙ্খলা দেখা দেয়।
আলোচনা-পর্যালোচনা বৈঠকে আইডিআরএর নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সিদ্ধান্ত হয়, আবেদন দাখিলের পর কোনো বিধিমালার সংশোধন হলে তা আগে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। কারণ, আইন ও প্রশাসনিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আবেদনকারীরা আবেদন দাখিলের সময়ের বিধান অনুযায়ী আর্থিক দায় নির্ধারণ করে থাকে।
এ প্রেক্ষাপটে আইডিআরএ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৩ জুনের নির্দেশনা পুনর্বিবেচনা করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে।












