অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সিপিএ রেটিং অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভূক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থান দীর্ঘ মেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্প মেয়াদে এসটি-২। যার অর্থ দাবী পরিশোধে শক্তিশালী অবস্থানে রয়েছে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিজিআইসি। এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৯ টাকা ৭৬ পয়সা।
এদিকে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ৯০ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। যা এর আগের বছর একই সময়ে ছিল ৮৯ পয়সা।
২০১৬ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে বছর ইপিএস হয় ৯৭ পয়সা ও এনএভি ১৯ টাকা ৪৮ পয়সা। ২০১৫ সালেও ১১ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন এ কোম্পানির শেয়ারহোল্ডাররা।
১৯৮৯ সালে তালিকাভুক্ত নন-লাইফ বীমা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৪ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে আছে ২৮ কোটি ২২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৪ লাখ ২৭ হাজার ২৫৫, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১৬ দশমিক ১৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪৪ দশমিক ৭২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩৯ দশমিক ১২ শতাংশ শেয়ার।












