৩০ দিন ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ২০২২ সাল নাগাদ অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন সক্ষমতা বর্তমানের তুলনায় বেড়ে দৈনিক ৬৫ লাখ ব্যারেলে দাঁড়াবে। জ্বালানি পণ্যটির উত্তোলন সক্ষমতা বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে ইরাকের মন্ত্রিসভা। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর মধ্যে ইরাকের অবস্থান বিশ্বে চতুর্থ। পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে ইরাক দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইরাকের রফতানি আয়ের ৯০ শতাংশ আসে জ্বালানি খাত থেকে। বর্তমানে দেশটিতে জ্বালানি পণ্যটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা দৈনিক ৫০ লাখ ব্যারেল।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ইরাকে জ্বালানি পণ্যটির উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ৬৫ লাখ ব্যারেলে। সে হিসাবে আগামী পাঁচ বছরের মধ্যে বর্তমানের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশটির তেলসমৃদ্ধ ১১টি ব্লক ইজারা দেয়া হয়েছে।












